একি দিন গোলের দেখা পেলেন রোনালদো ও তাঁর ছেলে রোনালদো জুনিয়র

ফুটবলের আঙিনায় ক্রিস্তিয়ানো রোনালদোর পরিবারের জন্য স্মরণীয় এক দিন কাটল। পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তার ছেলে রোনালদো জুনিয়র। পরে ক্লাব আল নাসরের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা।

ফেডারেশনস কাপে তুরস্কের বিপক্ষে আগের ম্যাচেই পর্তুগাল অনূর্ধ্ব ১৬ দলে অভিষেক হয় রোনালদো জুনিয়রের।

বয়সভিত্তিক দলটির হয়ে গোল করতেও বেশি সময় লাগল না তার। টুর্নামেন্টে গতকাল ওয়েলসকে ৩–০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। দলের জয়ের দিনে একবার জালের দেখা পান রোনালদো পুত্র। ৪২ মিনিটে কার্লোস মইতার সহায়তায় দারুণ এক ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন। এই ম্যাচের কয়েক ঘণ্টা পর সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে খেলতে নামে আল নাসর। আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ২–১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াদের ক্লাবটি।

আল নাসরের হয়ে দুটি গোলই করেন রোনালদো। ১৩ মিনিটে পিছিয়ে পড়ার পর ৩৭ মিনিটে তারকা ফরোয়ার্ডের কল্যাণে ম্যাচে ফেরে আল নাসর। যোগ করা সময়ে স্পট কিক থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পান রোনালদো। পেশাদার ক্যারিয়ার তাঁর গোলসংখ্যা এখন ৯৫২ টি। আর মাত্র ৪৮ বার জালের দেখা পেলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজারতম গোলের মাইলফক স্পর্শ করবেন রোনালদো।

গত কয়েক ম্যাচে ক্লাব ও দেশের হয়ে একাধিক পেনাল্টি মিস করেছেন রোনালদো। তাই আল ফেইহার বিপক্ষে পেনাল্টি শট নিতে যাওয়ার সময় ভীতি কাজ করছিল তাঁর মনে। ম্যাচ শেষে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই ফুটবলার।

রোনালদো বলেন, ‘গোল করা সব সময়ই আমাকে আনন্দ দেয়। দলের জয়ে সাহায্য করতে পারলে খুবই ভালো লাগে। পেনাল্টি নিতে এসে এদিন আমার হৃদস্পন্দন বেশি হচ্ছিল। ফুটবল আসলে এমনই। ফুটবলাই আমার জীবন। দীর্ঘ ২২ বছর ধরে এটার সঙ্গে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *